• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: / ১৯ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের চাপায় কাজের সন্ধানে আসা ৭জন দিনমজুর নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর যাত্রীবাহী বাসটি উঠে গেলে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন বাস চাপায় নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন , বগুড়া সদর উপজেলার ফাপোঁড় মধ্যপাড়ার বেল্লাল হোসেন (৪০), কাহালু উপজেলার নারহট্ট সরদার পাডার নুর মোহাম্মদ সরদার (৭৫), জয়পুরহাট জেলার কালাই থানার মো. আনারুল ইসলাম (৫৫), জেলার পাঁচবিবি থানার আমিরুল (৪০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের আবু সাইদ (৪৫), একই উপজেলার নুর আলম (৪৫) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. তাজিমুল (৪৭)।

জানা যায়, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরেরা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের এই শ্রমিকের হাটে কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক মজুরিতে দিনমজুর সংগ্রহ করেন। শুক্রবার ভোরে ঢাকা থেকে নওগাঁ অভিমুখী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি খুঁটিতে ধাক্কা দেয়। এরপর গাড়িটি শ্রমিকদের শরীরের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেন। এই স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনার কথা উল্লেখ করে তারা স্থায়ী গতিরোধক নির্মাণের দাবি জানান। এসময় ওই সড়কে প্রায় ৪ ঘন্টাগাড়ী চলাচল বন্ধ ছিল। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চারজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক সচল করা হয়েছে।

এদিকে, বাসচাপায় সাত দিনমজুর নিহত হওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বগুড়া জেলা প্রশাসন। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিহত সাতজনের প্রত্যেক পরিবারের জন্য সরকারি বিধি অনুযায়ী ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

এদিকে, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হতাহতের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category