বগুড়ার কাহালুতে গুচ্ছগ্রামের পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মোঃ আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (০৬), ফারুক মন্ডলের ছেলে মো, ফাহিম (৮) ও তার বোন সুরাইয়া (০৫)।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ তিন শিশু ঘটনার দিন সকাল ১০ টার দিকে বাড়ি হতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। দুপুর ১টার দিকে জনৈকা সালমা খাতুন জাকিরুলের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে জাকিরুলের মৃতদেহ উদ্ধার করে। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে ফাহিম ও সুরাইয়াকে তাদের নানী আবেদা বেগম খুঁজে না পেলে একপর্যায়ে ঐ গ্রামের জনৈক মিন্টু প্রামানিক পুকুরে নেমে খোঁজাখুঁজির পর ফাইমকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।
এসময় সুরাইয়াকে না পেয়ে কাহালু ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঐ পুকুর থেকে শিশু সুরাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সাথে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাহালু থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ৩ শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।