• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় জমি বিক্রির দালালীর কমিশন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বগুড়ায় জমি কেনাবেচার দালালীর কমিশন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর বগুড়া শহরতলির বেতগাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

তোফাজ্জল হোসেন জানান, সম্প্রতি এলাকায় ‘নর্দান হ্যাচারি’ নামের একটি প্রতিষ্ঠানের ৪২ বিঘা জমি ১০৮ কোটি টাকায় বিক্রির চুক্তি হয়। এ জমি কেনাবেচায় তিনি, সায়েদুল ইসলাম সায়েদসহ কয়েকজন বিএনপি নেতা মধ্যস্থতা করেন।

তিনি অভিযোগ করেন, জমি বিক্রির ১৩ কোটি টাকার কমিশনের মধ্যে তাঁর ভাগে ৩ কোটি টাকা পাওয়ার কথা থাকলেও সায়েদুল ইসলাম তা না দিয়ে টালবাহানা করেন। এ নিয়ে কয়েক দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পাশাপাশি তাঁকে ‘চাঁদাবাজ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় উত্তেজনা আরও বাড়ে।

তোফাজ্জল বলেন, ‘আমার বাড়িঘর ভাঙচুরের পর সায়েদের সমর্থকেরা আমার সমর্থক আরাফাত হোসেনকে (২২) ছুরিকাঘাত করে।’

অন্যদিকে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ দাবি করেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তোফাজ্জলের নেতৃত্বে ৪০-৫০ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার মা-বাবাকে মারধর করা হয় এবং গ্যারেজে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর জের ধরেই পরে পাল্টা হামলার ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেনের স্ত্রী, স্কুলশিক্ষক হোসনে আরা বেগম বলেন, জমি বিক্রির কমিশনের তিন কোটি টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ঘরে মেয়ের বিয়ের জন্য রাখা পাঁচ লাখ টাকা ও ছয় ভরি সোনার গয়না লুট করে নেওয়া হয়।

সায়েদুল ইসলাম সায়েদ বলেন, ‘তোফাজ্জল নিজেই চাঁদাবাজ। এলাকায় কেউ জমি কিনলে এবং বিক্রি করলে তোফাজ্জলকে চাঁদা দিতে হয়।’ তিনি বলেন, ‘নর্দান হ্যাচারির জমি বিক্রিতে তোফাজ্জলের কোনো ভূমিকা নেই। আমি নিজ উদ্যোগে জমি কেনাবেচা করেছি। তোফাজ্জল সেখান থেকে আমার কাছে চাঁদা দাবি করে। এ নিয়েই তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, জমির কমিশন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সায়েদুল ইসলাম সায়েদ লিখিত অভিযোগ দিয়েছেন। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, তোফাজ্জল হোসেনের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category