বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতা হানিফ রহমান সাফি (২১) ও তার মা হোসনে আরা বেগমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব্য রাখেন হানিফ রহমান সাফি, আজমল হোসেন বাবু ও কামরুল ইসলাম। এ সময় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে হোসেনপুর গ্রামের মানুষ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে তারা মোস্তাফিজার রহমান মোস্তা ও খোরশেদ আলমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত ৩ মার্চ রাতে ছাত্রদল নেতা জুলাইযোদ্ধা হানিফ রহমান সাফির ওপর এবং ৪ মার্চ সকালে তার মা হোসনে আরা বেগমের ওপর রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত হোসনে আরা বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।