বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে কাকরাইলের আইডিবি ভবনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আ. ন. ম. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “একদল স্বার্থান্বেষী ব্যক্তি মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন। মালিক ও শ্রমিকের মধ্যে সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতাই হওয়া উচিত। মালিক কর্মসংস্থান সৃষ্টি করেন, আর শ্রমিক তাঁর শ্রম ও দক্ষতায় প্রতিষ্ঠানকে সচল রাখেন। এই সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে একটি মানবিক সমাজ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “যাঁরা আল্লাহ তাআলাকে ভয় করেন, তাঁদের কাছে আল্লাহর সব সৃষ্টিই নিরাপদ।” দরদি সমাজ গঠনের লক্ষ্যে মালিক-শ্রমিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পবিত্র রমজান প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, রমজান ধ্বংস বা বিভেদের বার্তা নয়; এটি সংযম, আত্মশুদ্ধি ও রহমতের মাস। তিনি দোয়া করেন, এই রমজান যেন সবার জীবনে রহমত, শান্তি ও ঐক্য বয়ে আনে।