বগুড়া–১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, নির্বাচিত হলে তিনি সোনাতলা ও সারিয়াকান্দিকে একটি উন্নয়নের রোল মডেল এলাকায় পরিণত করবেন। তিনি নদীভাঙন প্রতিরোধ, টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা, যুব সমাজের কর্মসংস্থান এবং নারীদের শিক্ষা ও নৈতিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বৃহস্পতিবার দড়িপাড়া বাজার মাঠে কামালপুর ইউনিয়নের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, নদীভাঙনের কারণে প্রতিবছর বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করা হবে।
তিনি আরও বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ নেওয়া হবে এবং নারীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা-নীতিতে যুগোপযোগী পরিবর্তন আনা হবে।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।